রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাব্বাইক পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার দরজা ভেঙে যায় এবং চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়ে যায়। তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার পর তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

