আগামী ৭২ ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ না নিলে প্রশাসনিক কার্যক্রম অচলের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থী শিক্ষার্থী শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, আহমাদুল হক ও রাইসুল ফরিদ এ ঘোষণা দেন।
এসময় তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্নীতি অব্যাহত রাখতে ব্রাকসু নির্বাচন বানচালের জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে। এরমধ্যে ভোটার তালিকা নিয়ে জটিলতা, নির্বাচন কমিশনারের পদত্যাগ, জাতীয় সংসদ নির্বাচনসহ নানা অজুহাতে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠান করা হয়নি।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের পর ব্রাকসু নির্বাচন হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের পর ঈদ পেরিয়ে গেলেও ব্রাকসু নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্রাকসু নির্বাচনের তারিখসহ তফশিল প্রকাশ করা না হলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ার দেন তারা।
এই সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকরা উপস্থিত থাকলেও ছাত্রদলের কাউকে দেখা যায়নি।

