বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে দিল্লিতে ফলপ্রসূ বৈঠক হয়েছে: জয়শঙ্কর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৫

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে দিল্লিতে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লির হায়দরাবাদ হাউস-এ এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়শঙ্কর জানান, আলোচনা ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাত আরও জোরদার করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

এই সফরে খলিলুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা জোরদার, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয় গুরুত্ব পায়।

এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভারতীয় ভিসা সহজীকরণ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানো, শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিত করার বিষয়ও আলোচনায় উঠে আসে।

এছাড়া আঞ্চলিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত সংকট নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মরিশাস যাওয়ার পথে খলিলুর রহমান মঙ্গলবার দিল্লিতে পৌঁছান।

ইত্তেফাক/এমএএম