হাসপাতালে স্বর্ণের চেইন চুরির সময় নারী আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২০:৪৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম শারমীন আক্তার (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা এবং আব্দুল কাদের মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী জানান, সকালে বহির্বিভাগে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় পেছন থেকে শারমীন আক্তার নামের ঐ নারী তার গলায় থাকা স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। তবে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে অন্যান্যদের সহায়তায় নারীকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, ‘তার বিরুদ্ধে গজারিয়াসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চোর চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/এসএইচ/এএম