পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করায় যুবককে ১৫ দিনের কারাদণ্ড 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২১:১৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে পেট্রোল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ২টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোবারক হোসেন(৩০)। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ঐ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকে ৫০০ টাকার তেল দেওয়ার পরেও সে লাইন থেকে মোটরসাইকেল সরায় না। সে  আরও ৫০০ টাকার তেল দাবি করে। নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করায় পাম্প কর্তৃপক্ষের সাথে ঝগড়ায় লিপ্ত হন মোবারক হোসেন।

বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্পে গিয়ে ওই যুবককে বোঝানোর চেষ্টা করলে সে ইউএনও এর সাথে বাকবিতণ্ডা ও অশোভন আচরণ  করে। পরে তাকে দণ্ড দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে হাজতে প্রেরণ করা হয়েছে।’ 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। তিনি বলেন, ‘দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক এই যুবককে ১৫ দিনের  কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/এসএইচ/এএম