এপ্রিলের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮২৩ মিলিয়ন ডলার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২১:৫৪

চলতি এপ্রিল মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ বেশি।

বুধবার (৮ এপ্রিল) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চলতি এপ্রিল মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার এবং গত বছরের একই সময়ে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় ২০ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইত্তেফাক/ আরএইচ/এএম