বগুড়ার কাহালুতে চলন্ত বালিবাহী একটি ট্রাকের ধাক্কায় ডিগ্রী ২য় বর্ষের এক ছাত্র মারা গেছে। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে শিলকওঁর মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আল হাদি (২১) সে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের কল্যাণপুর দক্ষিণপাড়া গ্রামের আলহাজ্ব উদ্দিনের ছেলে এবং দরগাহাট ডিগ্রী কলেজের ছাত্র।
জানা গেছে, নিহত শিক্ষার্থী আল হাদি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে তিনদিঘি-বিবিরপুকুর সড়ক দিয়ে দরগাহাট কলেজে আসছিলেন। এ সময় শিলকওঁর মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের (সিলেট,ড-১১-০৬৪১) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাদি ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: বেনাপোলে আড়াই টন ভায়াগ্রা জব্দ
দুর্ঘটনার সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাস্তার পাশের একটি আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। চালক গুরুতর আহত হয়।তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু থানার সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

