আশাশুনিতে বিরল রোগে আক্রান্ত পিন্টু গাজী বাঁচতে চায়

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৬:৩৭

দেশ জুড়ে আলোচিত খুলনার বৃক্ষ মানব আবুল বাজনদার ও সাতক্ষীরার মুক্তামনির পর এবার আশাশুনিতে সন্ধান মিললো বিরল রোগে আক্রান্ত হতদরিদ্র ভ্যানচালক পিন্টু গাজীর। স্থানীয় চিকিৎসকদের এ রোগের নাম জানা না থাকায় এ রোগীকে বিরল রোগে আক্রান্ত রোগী বলে চিহ্নিত করছেন স্থানীয় চিকিৎসকরা। উন্নত চিকিৎসায় এ রোগ নিরাময় করা সম্ভব বলে দাবি চিকিৎসকদের।

জানা গেছে, পিন্টু গাজী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের হতদরিদ্র মুজিবর গাজীর ছেলে। শ্রীকলস এলাকার সরকারী গুচ্ছ গ্রামের দিন আনা, দিন খাওয়া অসহায় পরিবারের সন্তান পিন্টু গাজী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও দিনে দিনে অক্টোপাশের ন্যায়ে এ বিরল রোগ তাকে একটু একটু করে গ্রাস করছে। দিনে দিনে যেন অসুস্থ হয়ে পড়ছে ভ্যানচালক পিন্টু গাজী।

পিন্টুর সংসারে রয়েছে বৃদ্ধ পিতা মাতা, স্ত্রী ও এক স্কুলপড়ুয়া পুত্র সন্তান। সংসারের একমাত্র উপার্জনকারী পিন্টু অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে যেন তার পরিবারও অসুস্থ হয়ে পড়ছে। একমাত্র ছেলেরও লেখা-পড়া বন্ধ হয়ে পড়ার উপক্রম। স্থানীয় চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেয়ার কথা জানালেও তা যেন পিন্টু বা তার পরিবারের কাছে আকাশ কুসুম কল্পনা। যেখানে দুবেলা দুমুঠো ভাত জোগাতেই হিমশিম খাচ্ছে পুরো পরিবার, সেখানে উন্নত চিকিৎসা গ্রহণ করা তাদের কাছে অসম্ভব বলে জানান তারা।

এ বিরল রোগের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যানার্জী বলেন, ‘এ জাতীয় চিকিৎসা আমাদের এখানে নেই। ঢাকা মেডিকেল কলেজে দেখালে এর সমাধান সম্ভব।’

একইসাথে তার চিকিৎসা সাহায্যের বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, ‘এ ধরণের বিরল রোগের জন্য আমাদের কোন ফান্ড নেই।’

আরও পড়ুন: মানিকগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, ‘পিন্টু গাজী গুচ্ছগ্রামে বসবাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিরল রোগে আক্রান্ত ভ্যানচালক পিন্টু গাজী কান্না জড়ানো কণ্ঠে বলেন, সুস্থ ও স্বাভাবিকভাবে এ পৃথিবীতে জীবন যাপন করতে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।’

ইত্তেফাক/নূহু