বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে চান সুয়ারেজ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২১:২৯

উরুগুয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন তিনি। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন ইন্টার মায়ামির এই তারকা।

সম্প্রতি উরুগুয়ের প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওভাসিওন’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী সুয়ারেজ স্পষ্ট করে জানান, দেশের প্রয়োজনে এবং ফুটবলের প্রতি অদম্য ভালোবাসার টানে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রস্তুত তিনি।

সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল সব সময়ই এমন এক জায়গা, যেখানে আমি থাকতে চাই। বিশ্বকাপের আগে যদি দল আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই দেশকে “না” বলতে পারবো না, কখনোই না।’

তিনি আরও বলেন, ‘আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া যায়। কারণ, আমি অনুভব করেছিলাম, আর দলের জন্য যথেষ্ট অবদান রাখতে পারবো না। কিন্তু যদি দল আমাকে প্রয়োজন মনে করে, যতক্ষণ আমি সক্রিয় আছি, জাতীয় দলের ব্যাপারে “না” বলা আমার পক্ষে সম্ভব নয়।’

উরুগুয়ের জার্সিতে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল সুয়ারেজ। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠ মন্টেভিডিওতে সপরিবারে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছিলেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ