রাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২২:০০

ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে ৯ম ছায়া জাতিসংঘ সম্মেলন। আগামী ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাতিসংঘের কাঠামো, নিয়মতন্ত্র ও কূটনৈতিক কার্যপ্রণালীর আদলে পরিচালিত হবে সম্মেলনটি। 

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেনেজমেন্ট স্টাডিজ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সম্মেলনে এবারের প্রতিপাদ্য থাকছে ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম বলেন, এবারের আসরে সর্বমোট ৮টি কমিটি পরিচালিত হবে। কমিটিগুলো হলো—জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো), আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (আইপিসিসি), জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন (ইউএনসিএসটিডি), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ) এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)। 

তিনি বলেন, প্রত্যেক কমিটির আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে সম্মেলনের মূল প্রতিপাদ্যের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে। ফলে প্রতিনিধিরা সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট ও সম্পর্কের অনুষঙ্গে গঠনমূলকভাবে শান্তি, সমতা ও ন্যায়ের বিষয়ে সচেতন এবং উদ্দীপ্ত হতে পারবে।

অংশগ্রহণকারীদের বিষয়ে তিনি জানান, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজ থেকে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০-এর অধিক শিক্ষার্থীসহ বিদেশি শিক্ষার্থীরাও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
 
সংবাদ সম্মেলনের আরও উপস্থিত ছিলেন আরইউমুনার উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

ইতেফাক/এসএএস