ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে নেমে যেতে পারে হামজার লেস্টার সিটি

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪১

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমনের শঙ্কায় পড়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মৌসুমে তৃতীয় স্তরের লিগ ওয়ানে নেমে যেতে পারে দলটি।

মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন সংকটে পড়েছে ক্লাবটি। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে লেস্টারকে এ শাস্তি দেওয়া হয়।

শাস্তির ফলে পয়েন্ট কাটা যাওয়ায় চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে গেছে লেস্টার। 

এর আগে শাস্তির সিদ্ধান্তকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করে আপিল করেছিল ক্লাবটি। তবে আপিলেও শাস্তি বহাল থাকায় লেস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এখন বিষয়টি শেষ হয়েছে এবং মৌসুমে পাঁচটি ম্যাচ বাকি। তাই আমরা পুরোপুরি মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।’

চ্যাম্পিয়নশিপে প্রমোশনের সময় ক্লাবটির আর্থিক ঘাটতি ছিল ২০ কোটি পাউন্ডের বেশি বলে জানা গেছে। আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে স্বাধীন কমিশন লেস্টার ক্লাবটির ৬ পয়েন্ট কেটে নেয়।

উল্লেখ্য, ২০০৮ সালের পর আবারও তৃতীয় স্তরের লিগে অবনমন এড়াতে এখন শেষ পাঁচ ম্যাচই নির্ধারণ করে দেবে হামজা চৌধুরীদের ভাগ্য।

ইতেফাক/এসজেএস