কক্সবাজারের শীলখালীতে প্রাইভেটকারের তেলের ট্যাংকে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত ৩টার দিকে টেকনাফের শীলখালী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার জব্দ ও ইয়াবা উদ্ধার পরবর্তী তাদের আটক করা হয়।
আটকরা হলেন-টেকনাফ থানার উত্তর পাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মুহাম্মদ মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসাম্মৎ মাহিম (১৯)।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়, যেখানে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক করা হয় কারে থাকা তিনজনকেও। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং আটক তিনজনের তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
