প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:০০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলা ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পিআইও কার্যালয়ে রাতেও অফিস খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন ও তার নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পিআইও নূরনবী ইসলাম ও তার অফিস সহকারীকে মারধর করে। এতে তারা দুজন আহত হন। 

এ ঘটনায় পিআইও নূরনবী রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে তাদের উপর হামলা চালান। 

এদিকে, এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনসহ এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমএসআর