বিজিবি দেখে পালালো চার ব্যক্তি, ফেলে যাওয়া ব্যাগে মিলল ১৪০০ গুলি

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩১

খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সকালে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঁঠালতলী এলাকায় অভিযানটি পরিচালিত হয়। বিজিবির পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, উদ্ধারকৃত গোলাবারুদের সংখ্যা ১ হাজার ৪০০ রাউন্ড।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল কাঁঠালতলী এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চার ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ পাওয়া যায়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে বিওপিতে ফেরার সময় প্রায় ১০০ থেকে ১১০ জন সন্ত্রাসীর একটি দল বিজিবি টহল দলকে ঘেরাও করার চেষ্টা করে। খবরটি দ্রুত ব্যাটালিয়ন সদরদপ্তরে জানানো হলে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির শক্ত অবস্থানের কথা জানতে পেরে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে সরে যায়।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/এনএন