তিন বছর কুমিল্লায় ফুটবল লিগ নেই, খবরও নেয় না বাফুফে

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩০

কুমিল্লায় নিয়মিত হচ্ছে পেশাদার ফুটবল লিগ, বাংলাদেশ ফুটবল লিগ। কিন্তু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্থানীয় ফুটবল লিগ হয় না তিন বছর কেটে গেছে। স্থানীয় সংগঠকরা জানিয়েছেন, তারা লিগ আয়োজন করেন না, বাফুফেও খোঁজখবর নেয় না। 

একজন কর্মকর্তার দাবি, কুমিল্লায় ফুটবল হচ্ছে কি হচ্ছে না, সেটার জবাবদিহিতা নিতে পারে বাফুফে। কিন্তু বাফুফে নাকি কখনো জানতেও চায়নি। তারা বলেন, 'আমরা সংবাদমাধ্যমে দেখি বাফুফের নীতিনির্ধারকরা বলছেন, দেশের ফুটবলে জোয়ার এসেছে। পালটে যাচ্ছে ফুটবল। কিন্তু আমরা দেখি না, সেই দৃশ্য। 

কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান উল্লাহ স্বপনের দাবি, কুমিল্লায় ২৪টি ফুটবল দল রয়েছে। প্রিমিয়ার এবং প্রথম বিভাগের দল। তিন বছর ফুটবল হচ্ছে না। কেন হচ্ছে না সেটি নিয়ে মাথাব্যথা নেই। খেলোয়াড়রা খেলতে না পেরে অন্য পেশায় চলে গেছেন। উঠে আসছে না নতুন ফুটবলার। তিনি বলেন, 'জেলায় যদি খেলা না হয় তাহলে কীভাবে দেশের ফুটবলের পাইপলাইন জমজমাট হবে। একজন হামজা চৌধুরী দিয়েই সারা দেশের ফুটবল উন্নতি হবে? কখনোই না।'

আশার কথা হচ্ছে, কুমিল্লায় লিগ আয়োজনে স্পন্সর সংগ্রহ করা হয়েছে। আলোচনা অনেক দূর এগিয়েছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন বলেন, 'দুইটা সভা হয়েছে। আমরা স্পন্সর জোগাড় করছি। আলোচনা হয়েছে। খেলা শুরু করার একটা উদ্যোগ হচ্ছে।' তিনি বলেন, 'শুধু ফুটবল লিগ-ই নয়, ক্রিকেটও হয় না।'

ইত্তেফাক/জেডএইচ