এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য পারভেজ হোসেন ইমনকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখন সবার আগে এই টাইগার ওপেনারকেই দেশে ফিরতে হচ্ছে।
চোটের কারণে এবারের পিএসএলে আর দেখা যাবে না পারভেজ ইমনকে। তার দল লাহোর কালান্দারর্স জানিয়েছে, চোটের কারণে এবারের আসরে পারভেজের আর খেলা হচ্ছে না। আজ রাতেই তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে পারভেজের টুর্নামেন্ট থেকে বিদায়ের খবর জানিয়ে বলা হয়, গত ৩ এপ্রিল লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ।
প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন তিনি। তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই টাইগার ওপেনার।
পিএসএলে খেলার জন্য পারভেজকে ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। অন্যদিকে, একই টুর্নামেন্টে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম ১২ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছিলেন।

