ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৬ জন

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু ৩৩০টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন, যেখানে প্রতি আসনে প্রায় ৬ জন প্রার্থী লড়বেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল ভবনে আসনবিন্যাস করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবেদনকারীর সংখ্যা বিবেচনায় দুটি ভবনে আসনবিন্যাস করা হয়েছে। আমরা আশা করছি, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবছর স্বতন্ত্রভাবে এই ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।

ইত্তেফাক/এএইচপি