দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান সংঘাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে চায় তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, 'যারা (প্রবাসী) নিরাপত্তার অভাবে দেশে ফিরতে চায়, তাদেরকে যেন নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, সে ব্যবস্থাও আমরা করছি। ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।' 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, 'চলমান সংঘাতে এ পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে একমাত্র নারী দিপালী নিহত হয়েছেন। এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।'

তিনি বলেন, 'ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তার বোনের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।'

শামা ওবায়েদ ইসলাম বলেন, 'আমাদের রেমিট্যান্স যোদ্ধারা যারা চাকরি হারিয়ে দেশে ফিরে বেকার অবস্থায় রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার তৎপর রয়েছে।'

ইত্তেফাক/ আরএইচ/এএম