লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, এখন মানুষ তিন বেলাই ভাত খায়। ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। মিলাদ দিলে খুঁজে খুঁজে ভিক্ষুকদের কন্ট্রাক্ট করতে হয়। দেশে মুন্সির চেয়ে ভিক্ষুকের অভাব বেশি। মুন্সি অ্যাভেইলঅ্যাবল, ভিক্ষুক খুঁজতে হয়।
রোববার (১২ এপ্রিল) সকালে নিজ নির্বাচনী আসনের কালীগঞ্জ উপজেলার গোড়ল চৌপতি এলাকায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনী পথসভায় এসব কথা বলেন তিনি।
এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত সময় ভোট ছাড়াই এমপি হওয়ায় আওয়ামী লীগের এমপিদের কোন জবাবদিহিতা ছিল না। জনগণ আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। গ্রামীণ জনপদের উন্নয়নে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। আমরা তা শুরু করেছি, আজকে তার যাত্রা করল। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। কৃষি প্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা যাতে খুব সহজে উৎপাদন ও পণ্য পরিবহন করতে পারে তার সব ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের উদ্দেশ্যে এমপি বাবুল বলেন, নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রাখছেন নৌকার মোড়। ধানের শীষ আপনাদের স্বপ্নপূরণে রাস্তা পাকা করছে তাই আজ থেকে এই মোড়ের নাম হবে ধানের শীষ মোড়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান তিনি।
কালীগঞ্জ উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ ৬টি সড়ক নির্মাণের উদ্বোধন করেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এ সময় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
