গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিনিকলের ‘জমির মালিকানা ফেরতের’ দাবিতে আন্দোলনরত দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিন জন আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলায় জয়পুর পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- রয়েল মার্ডির মেয়ে শিউলি মার্ডি (২৫), লুকাশ মুর্মু (৭০) ও নিমাইয়ের স্ত্রী মামুলী হাশদা (৩৪)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর চিনিকলের ১৮৬২ একর জমি বাপ দাদার দাবি করে, ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে ‘সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’। এই আন্দোলনের সাঁওতালরাসহ স্থানীয় বাসিন্দারা যুক্ত রয়েছেন। গত ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটির ঘোষণা করলে কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছে ফিলিমন বাস্কে অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম।
সর্বশেষ রোববার দুপুরে জয়পুর পাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে ‘ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির’ অন্য গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা বলে দাবি করেন ফিলিমন বাস্কে। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং নারীসহ তিনজন আহত হন।
তবে জাফরুল ইসলাম ও অন্যরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। জাফরুল বলেন, আমি শহরে আছি ফোনে বিষয়টি নিশ্চিত হয়েছি। স্থানীয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি হয়েছে তিনটা। কার লোকজনের মধ্যে ঘটনা ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি।
গোবিন্দগঞ্জ থানার ওসি পবিত্র কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় পর্যন্ত কেউ আভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

