পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) পার্ট চুকিয়ে গতকাল দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। এর আগে গত ৩ এপ্রিল পিএসএলে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান এই ওপেনার।
গতকাল জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক বিবৃতিতে জানিয়েছেন, ইমনের মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। তবে স্বস্তির খবর হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে দলে ফিরতে পারেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ইমন ইতিমধ্যে বিসিবির মেডিক্যাল ও কোচিং স্টাফের তত্ত্বাবধানে একটি সুসংগঠিত পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে থেকে পুনর্বাসন এবং কার্যকরী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিচ্ছেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, এই মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তাকে মাঠে দেখা যেতে পারে।

