জামালপুরে একই ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেওয়ায় তিন মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) জামালপুরের বকশীগঞ্জে ‘পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে’ পরিচালিত অভিযানে এই আদেশ দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও শৃঙ্খলা রক্ষায় একই গ্রাহকের বারবার তেল নেওয়ার ওপর বিধিনিষেধ থাকলেও কৌশলে একাধিকবার তেল সংগ্রহ করছিলেন ওই তিন আরোহী। বিষয়টি নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)। এদের মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং বাকি দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রমমাণ আদালতের বিচারক মুরাদ হোসেন জানান- সরকারি নির্দেশনা অমান্য করে যারা তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ফিলিং স্টেশনগুলোতে আমাদের এই ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

