অভিজ্ঞতাহীন সামরিক সচিবকে মোসাদ প্রধান করলেন নেতানিয়াহু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১২

ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার গোয়েন্দা অভিজ্ঞতা না থাকায় এই নিয়োগ ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

রোববার (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ অনুমোদন দেন বেনিয়ামিন নেতানিয়াহু। পাঁচ বছর মেয়াদের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন গফম্যান। বর্তমানে দায়িত্বে থাকা ডেভিড বার্নিয়া-র মেয়াদ শেষ হবে আগামী ২ জুন, একই দিন দায়িত্ব নেবেন নতুন প্রধান।

বিশ্বের অন্যতম দক্ষ ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ ইসরায়েলের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি সংস্থার নেতৃত্বে গফম্যানের নিয়োগ তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। 

তবে সমালোচনার জায়গা তৈরি হয়েছে তার পেশাগত পটভূমি নিয়ে। জানা গেছে, রোমান গফম্যান-এর পূর্বে কোনো সরাসরি গোয়েন্দা অভিজ্ঞতা নেই এবং ইসরায়েলের পক্ষে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত থাকারও উল্লেখযোগ্য রেকর্ড নেই।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে ইসরায়েলে অভিবাসী হন। ১৯৯৫ সালে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর আর্মোরড কোরে যোগ দিয়ে দীর্ঘ সামরিক ক্যারিয়ার গড়ে তোলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামলার সময় তিনি আইডিএফের পদাতিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। ওই সংঘর্ষে তিনি গুরুতর আহতও হন।

সুস্থ হওয়ার পর ২০২৪ সালে তাকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োগ দেওয়া হয় এবং সর্বশেষ তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, গত ডিসেম্বরেই গফম্যানকে এই পদে নিয়োগের বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, গোয়েন্দা অভিজ্ঞতার অভাব সত্ত্বেও তার সামরিক পটভূমি ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা এই নিয়োগের পেছনে ভূমিকা রাখতে পারে।

ইত্তেফাক/এসএ