ওমান উপসাগর ও হরমুজ প্রণালির পূর্বদিকে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এ বিষয়ে নাবিকদের উদ্দেশে দেওয়া এক সতর্কবার্তায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধাধীন এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেটিকে পথিমধ্যে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য অথবা জব্দ করা হতে পারে। জাহাজটি কোন দেশের পতাকাবাহী, তা এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০টা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এ অবরোধ শুরু হওয়ার কথা রয়েছে। অবরোধ শুরুর আগেই এ ধরনের কঠোর সতর্কবার্তা দিয়েছে মার্কিন বাহিনী।
সূত্র: আল–জাজিরা।

