পোপ লিওকে ধন্যবাদ জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৯

পোপ চতুর্দশ লিও এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সাম্প্রতিক বাদানুবাদের প্রেক্ষিতে ক্যাথলিক ধর্মগুরুর সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পোপের এই অবস্থানকে তিনি ‘নির্ভীক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এই তথ্য নিশ্চিত করেছে।

গালিবাফ তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ‘যুদ্ধাপরাধের’ বিরুদ্ধে পোপের কণ্ঠ সোচ্চার করার বিষয়টিকে সাধুবাদ জানান। তিনি বলেন, পোপের দেওয়া ‘আমার কোনো ভয় নেই’—এই বার্তাটি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। যারা নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড দেখেও চুপ করে থাকতে চান না, পোপের এই অবস্থান তাদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

পোপের নেতৃত্বের প্রশংসা করে ইরানের এই স্পিকার আরও বলেন, “আপনার নেতৃত্ব কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণা। এই আলো ছড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ।”

উল্লেখ্য, এর আগে পোপ চতুর্দশ লিওকে ‘দুর্বল’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত’ বলে সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প দাবি করেছিলেন যে, পোপ অপরাধের ব্যাপারে নমনীয় এবং তার পররাষ্ট্রনীতি ভয়াবহ। ট্রাম্পের এমন কঠোর সমালোচনার পরই পোপের পাশে দাঁড়িয়ে ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হলো। মূলত পারমাণবিক অস্ত্র ও বৈশ্বিক সংঘাত নিয়ে পোপের শান্তিবাদী অবস্থানের কারণেই ট্রাম্প তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

ইত্তেফাক/এনএন