হাজীগঞ্জ ও শাহরাস্তির ৪৫ বাজারে বন্ধ হচ্ছে খাজনা আদায় 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৯

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৪৫টি বাজারে আগামী ১লা বৈশাখ থেকে খাজনা আদায় বন্ধ করা হচ্ছে। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের উদ্যোগে প্রান্তিক চাষিদের সহায়তা এবং হয়রানি বন্ধে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর চাঁদাবাজি ও কৃষকদের হয়রানি বন্ধে এ ঘোষণা দেন এমপি মমিনুল হক। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলো ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সব নিয়মনীতি অনুসরণ করে কোষাগারে রাজস্ব জমা দেওয়া হয়েছে।
আগামী ১লা বৈশাখ শাহরাস্তি উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক। এরই মধ্যে বাজারগুলোকে খাজনামুক্ত ঘোষণা করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম বলেন, প্রান্তিক চাষিদের হয়রানি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয়ভাবে এ উদ্যোগে সহযোগিতা করা হচ্ছে। এতে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায় ও চাঁদাবাজির সুযোগ থাকবে না।

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এটি সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ আগে দেখা যায়নি। এটি একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। এতে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, কারণ ইতোমধ্যে রাজনৈতিকভাবে রাজস্ব পরিশোধ করা হয়েছে।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাজনা আদায়ের নামে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজির শিকার হতে হয়। এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ সব জায়গায় ইজারা ও চাঁদাবাজি বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই মানুষের প্রতি অন্যায়, অত্যাচার ও জুলুম সহ্য করা হবে না।

ইত্তেফাক/এএইচপি