কৃষক কার্ড বিতরণের উদ্বোধনসহ নানান কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১ টা ২২ মিনিটে জেলা স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণমঞ্চে পৌঁছান তিনি।
বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি কৃষক কার্ড। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খালখনন কর্মসূচি চালু করেছে সরকার। টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।
ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুপুরের পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এই কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

