বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করতে কাজ করছি: শিল্পমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:০৮

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) অধিভুক্ত উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণের ব্যবস্থা করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিল্পমন্ত্রী জানান, এরই মধ্যে বিসিক উদ্যোক্তাদের জন্য একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হয়েছে। এ তহবিল ধাপে ধাপে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশের বড় ব্যবসায়ীরা অনেক সময় ঋণ পরিশোধে ব্যর্থ হলেও ক্ষুদ্র উদ্যোক্তারা প্রায় শতভাগ ঋণ পরিশোধ করেন। তুলনামূলকভাবে কম সুদে এ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে বলে সরকার বিশ্বাস করে।

বাংলা একাডেমিতে আয়োজিত মেলার উদ্দেশ্যে তিনি বলেন, অর্থনীতির মাত্র ১৫ শতাংশ হলো ফরমাল ইকোনোমি। বাকি ৮৫ শতাংশই ইনফরমাল ইকোনোমি। যারা অর্থনীতির মূল চালিকাশক্তি, তারা ডকুমেন্টেড না (দৃশ্যমান না)। এমএসএমই খাতের উদ্যোক্তারা এই অদৃশ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যাদের কার্যক্রমকে সামনে আনতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।

পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, এবারের বর্ষবরণ ছিল শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত। অতীতের তুলনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কম ছিল এবং ব্যাপক জনসমাগম সত্ত্বেও শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা যে শান্তিপ্রিয় মানুষ, তা আজকে প্রমাণ হয়ে গেছে।

ইত্তেফাক/এসজেএস