নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডের ব্যবসায়ীর ইশতিয়াক ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।
অভিযান সূত্রে জানা গেছে, কাদরা এলাকার ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তার বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় ড্রামের মধ্যে অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করে জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেল বুধবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। তিনি আরও বলেন, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনার পর নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক জ্বালানি ও ভোজ্য তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
তিনি বলেন, “শুধু জরিমানা করলেই হবে না, অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এতে অপরাধের প্রবণতা কমবে।”

