চৈত্র শেষে বৈশাখের শুরুতেও দেশজুড়ে রোদ-গরম দাপট দেখিয়েছে। এতে করে প্রচণ্ড গরমে জনজীবনে তৈরি হয়েছে হাঁসফাঁস অবস্থা। এমনকি গতকাল দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। বুধবার (১৫ এপ্রিল) একই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
একইসঙ্গে তাপপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলের আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় জারি করা পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। একইসঙ্গে আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, গতকাল সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য এলাকাগুলোর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকাল।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে গতকাল রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মুঠোফোনে বলেন, বৈশাখের প্রথম দিন দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে।

