ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে শাহবাজ শরিফের। সৌদি আরবে দেশটির নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি কাতার সফর করবেন।
কাতারে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন তিনি। এরপর তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। একইসঙ্গে তিনি পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেবেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। গত শনিবার ইসলামাবাদে তাদের উদ্যোগে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।
যদিও ওই আলোচনায় কোনো সমঝোতা হয়নি, তবুও ডোনাল্ড ট্রাম্প আরও আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে।”
তবে শরিফের এই সফর সম্ভাব্য পরবর্তী আলোচনায় কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সফর শেষে আগামী শনিবার ইসলামাবাদে ফেরার কথা রয়েছে তার।

