সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, মৃত তিন শিশুই ঢাকার বাসিন্দা।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, এদের মধ্যে ৩১৫ জন ঢাকার। এ ছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন, যার ৬১ জনই ঢাকার।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৪৬৮ শিশু। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২০৫ জন ছাড়াও ২৯ শিশু বরিশালের, ৬৯ শিশু চট্টগ্রামের, ৯৪ শিশু খুলনার, ৫ শিশু ময়মনসিংহের, ৪৮ শিশু রাজশাহীর, ১ শিশু রংপুরের, ১৭ শিশু সিলেটের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম রোগে ৩২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।
এ ছাড়া এ সময়ে মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ শিশু।
