যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বার্তা বিনিময়’ অব্যাহত রয়েছে: ইরান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫০

ইসলামাবাদে প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো ‘বার্তা বিনিময়’ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। নিয়মিত বার্তায় ইরানের বর্তমান অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। 

ইসমাইল বাঘাই বলেন, ইরানের অবস্থান ‘সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী যোগাযোগগুলোতেও তা পুনর্ব্যক্ত করা হয়েছে’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় ইরান ‘খুব সম্ভবত’ আজ পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেবে। এই সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের ‘অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা’ অন্তর্ভুক্ত থাকবে।

পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, ইরান ‘শান্তিপূর্ণভাবে’ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানকে তার প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সুযোগ দিতে হবে। তবে সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: বিবিসি

 
ইত্তেফাক/এমএস