ঢাকা মহানগরের খাস জমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:১২

ঢাকা মহানগরে ভূমিহীনদের জন্য খাসজমি বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নটি করেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

মন্ত্রী জানান, ঢাকা মহানগরের সব খাসজমিই অকৃষি শ্রেণিভুক্ত। ফলে আইনগতভাবে এসব জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

তিনি ঢাকা-১৮ আসনের খাসজমির চিত্র তুলে ধরে বলেন, সেখানে মোট ৯২৯.৯১৪০ একর খাসজমি রয়েছে। এর মধ্যে নদী, খাল ও সড়ক শ্রেণির জমি সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কিছু নাল, পুকুর ও বোনো জমি খাস খতিয়ানে থাকলেও সেগুলো নিষ্কণ্টক নয় বা বিভিন্ন জটিলতায় ফাঁকা পড়ে আছে। কিছু জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে সরকারের পরিকল্পনা রয়েছে। উদ্ধার করা জমি সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায়ের কাজে ব্যবহার করা হবে।

ঢাকার বাইরে ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আবেদন সাপেক্ষে যাচাই-বাছাই করে যোগ্যদের মধ্যে খাসজমি বরাদ্দ দেওয়া হচ্ছে।

উদ্ধার করা জমি কবে রাজস্বের আওতায় আসবে এ বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে এসব জমি কাজে লাগানো হবে।

ইত্তেফাক/এসজেএস