বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক নেতৃত্ব পরিবর্তনের মধ্যেও দারুণ স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল থাকলেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, জীবনের নানা অভিজ্ঞতা তাকে এমন অবস্থায় নিয়ে এসেছে, যেখানে কোনো কিছুই আর তাকে অবাক করে না।
মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিমন্স বলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি এত চড়াই-উতরাই দেখেছেন যে এখন আর কোনো ঘটনাই তাকে বিস্মিত করে না। তিনি বিষয়টিকে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বরং জীবনের সামগ্রিক অভিজ্ঞতা হিসেবেই দেখেন।
২০২৪ সালের মে মাসে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ। এরপর অল্প সময়ের মধ্যেই তার জায়গায় আসেন আমিনুল ইসলাম। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ কমিটি ভেঙে দিলে নতুন করে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল।
এত পরিবর্তনের পরও নিজের কাজের ওপর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন সিমন্স। তার ভাষায়, দলের প্রস্তুতি, পরিকল্পনা কিংবা কোচিং স্টাফদের কাজ সবই আগের মতোই চলছে।
আসন্নবাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করেছে, কঠোর পরিশ্রম করেছে এবং অনেকেই স্বাভাবিকের চেয়েও বেশি চেষ্টা করেছে।
সাম্প্রতিক বোর্ড পরিবর্তনের ঘটনাগুলো খেলোয়াড়দের পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বলেও জানান এই কোচ। তিনি বলেন, যদি মানসিক প্রভাবের প্রশ্ন ওঠে, তাহলে সেটি খেলোয়াড়দের কাছ থেকেই জানা ভালো তবে তিনি নিজে তেমন কিছু লক্ষ্য করেননি।
আগামী শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ মিরপুরে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর একই ভেন্যুগুলোতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
