‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও তা বিক্রি না করার অভিযোগে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার’ নামে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী।

তিনি বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে স্টোরেজ যাচাই করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু করানো হয়।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের অনিয়মে জড়িত ছিল ফিলিং স্টেশনটি। সেসময় এই পাম্পটি থেকে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন জব্দ করা হয়েছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 
ইত্তেফাক/এমএসআর