ভিডিও ভাইরাল

মিরসরাইয়ে চিত্রা হরিণ জবাইয়ের ঘটনায় তিনজন শনাক্ত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:৪৫

মিরসরাইয়ে উপকূলে একটি চিত্রা হরিণকে জবাইয়ের ঘটনা ঘটেছে। আরও তিন আগে এই ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার বিকেলে উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার হরিণ জবাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি হরিণকে মাটিতে ফেলে একজন ব্যক্তি তার পা চেপে ধরে রেখেছেন, আরেকজন ধারালো দা দিয়ে গলা কাটার চেষ্টা করছেন। ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিও ধারণের সময় জবাইয়ে জড়িত একজন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন ভিডিও করা হচ্ছে। জবাবে ভিডিও ধারণকারী ব্যক্তি এতে সমস্যা কোথায় তা জানতে চাইলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, একসময় মিরসরাইয়ের উপকূলজুড়ে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন। সেখানে হাজারো হরিণসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ছিল। তবে শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বন উজাড় হওয়ায় বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ধারণা করা হচ্ছে, জবাই করা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নাওশাদ জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং প্রাথমিক তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তরা স্থানীয় একটি মাছের খামারে কাজ করেন বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এপি