সিলেটের বিশ্বনাথে কুড়ালের কোপে সিফত আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে কুড়ালসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে।
অন্যদিকে অভিযুক্ত মিজানুর একই গ্রামের মরির (দলিল লেখক) বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর ও শাহ আলমের দীর্ঘদিনের বন্ধুত্ব। ঘটনার সময় শাহ আলম মিজানের বাড়িতে আসলে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির সামনের রাস্তায় নিয়ে শাহ আলমকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় মিজানুর। কুপিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্তকে কুড়ালসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ তদন্তে কাজ করছে পুলিশ।
