নোয়াখালীতে অবৈধভাবে মজুদকৃত ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৪

নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত ১২০০ লিটার পেট্রোল ও তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬), একই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধুসূদনপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তৈয়ব মো. আরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ লক্ষ্মীনারায়ণপুর এলাকার হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার এবং তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত পেট্রোল আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি