চাঁদপুরে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আহত শিক্ষার্থী

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হয়েছে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। সে চরমুকুন্দি এলাকার ‘মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ক্লাস শেষে লিজা আক্তার সহপাঠীদের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। উপজেলার মহিলা কলেজ এলাকায় পৌঁছালে সেখানকার বাসিন্দা মো. নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে আচমকা একাধিক ইট তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তার সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক বলেন, আহত ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিটিস্ক্যান করানোর জন্য তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। সিটিস্ক্যান না করা পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। হাসপাতালে সে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় এখনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএসআর