চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত শাহিনুর রহমান একই এলাকার তফেল আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য শাহিনুর রহমানের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জব্দ করা ৫ ব্যারেল ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এগুলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত দামে গ্রাহকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
