ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উত্তাপ পুরো ভারতজুড়ে। স্টেডিয়ামে দর্শকদের ভিড়ই বলে দেয় সব। তবে এবার খেলা দেখতে গিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক কনটেন্ট ক্রিয়েটর। ট্রেন্ডের নেশায় গা ভাসাতে গিয়ে বড়সড় লোকসানের মুখে পড়লেন তিনি। ফলে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভুক্তভোগী আবেদনও করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচের সময় এই ঘটনা ঘটেছে। চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে মধু প্রিয়া নামের সেই নারী সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ডিং ভিডিওকে অনুসরণ করতে গিয়ে বিপত্তিতে পড়েন।
এদিন হায়দরাবাদকে ৬ উইকেটে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পর স্টেডিয়াম যখন প্রায় ফাঁকা, তখন রিল বানাতে শুরু করেন মধুপ্রিয়া। শ্রেয়াস আইয়ারের নামের জার্সিও পরেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী, কেউ ভিডিও করতে করতে আংটি আকাশে ছুঁড়ে দেওয়ার অভিনয় করে। কিন্তু মজার ভিডিও বানাতে গিয়ে সেই নারী আংটিটি হাত থেকে ফেলে দেন।
জানা যায়, ওই নারী আংটি ফেলে ভিডিও করা শুরু করেছিলেন। কিন্তু সেই আংটি গড়িয়ে কোথায় চলে গেল, তা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করেন। তার সঙ্গে যারা ছিলেন, তারাও হন্যে হয়ে আংটি খুঁজতে থাকেন। কিন্তু ভিডিও চলাকালীন সেই আংটি খুঁজে পাওয়া যায়নি।
তার আংটির মূল্য ৭০ হাজার ভারতীয় রূপি। যা বাংলাদেশ মুদ্রায় প্রায় এক লাখ( ৯২ হাজার) টাকার মতো।
পরে নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মধু প্রিয়া ক্যাপশনে লিখেছেন, ‘৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আংটি এখনও পাইনি। যদি পিসিএ স্টেডিয়ামের কোনও কর্মী এই ভিডিওটি দেখেন, তাহলে দয়া করে ওই আংটি খুঁজে আমাদের ফেরত দিন।’
ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওর কমেন্টে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, ট্রেন্ডের নেশায় গা ভাসালে কী হতে পারে!
