পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে ‘বদনজর’ থেকে বাঁচাতে প্রচলিত ঐতিহ্যবাহী ভঙ্গি করতে দেখা গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসেরকে। মজার এই মুহূর্তটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বুধবার (১৫ এপ্রিল) পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে জালমির জয়ের পর প্রকাশ পাওয়া ভিডিওতে লিগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উষ্ণ ও হাস্যরসপূর্ণ সম্পর্কের চিত্র দেখা যায়। এই মুহূর্তটি পিএসএল পরিবারের বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এ দিকে চলমান পিএসএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন জালমি অধিনায়ক বাবর আজম। এরই মধ্যে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সময়ে ১২ হাজার রান পূর্ণ করে করেছেন তিনি।
এছাড়া পিএসএলের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে ৪ হাজার রানের দেখা পেয়েছেন বাবর। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি অর্ধশতক করা চতুর্থ ব্যাটারও হয়েছেন তিনি।
বাবরের মতো তার দল জালমিও দুর্দান্ত ছন্দে রয়েছে। কোয়েটাকে হারিয়ে আসরে ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে তারা। টস জিতে আগে বোলিংয়ে নেমে ২০ ওভারে ১৫৪ রানে অলআউট করে দেয় জালমির বোলাররা।
মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজ ৩৫ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এছাড়া রাইলি রুশো করেন ২৬ রান এবং খাজা নাফেই যোগ করেন ২০ রান। জালমির হয়ে সুফিয়ান মুকিম ও আব্দুল বাসিত নেন তিনটি করে উইকেট।
জবাবে ১৫৫ রানের লক্ষ্য সহজেই টপকে যায় জালমি। ৯ বল হাতে রেখেই মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। অধিনায়ক বাবর আজম সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৫১ বলে ৭১ রানে অপরাজিত থাকেন।

