সিরাজগঞ্জের শাহজাদপুরে মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় ফারুক হোসেনের ছেলে।
নিহত হৃদয়ের বাবা ফারুক হোসেন এবং স্বজনরা জানান, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের মৃত হাতেমের ছেলে হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণের জন্য ফারুক হোসেনের গোয়াল ঘরের পাশে মাটি ফেলার সময় নিষেধ করলে দুজনের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় হামেদের পক্ষ নিয়ে তার অন্য ভাই পেশকার, আশকার, হাকিম এবং মোক্তার লাঠিসোঁটা এবং চাপাতি নিয়ে এগিয়ে গেলে সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে ফারুক হোসেন। পরে হামেদ চাপাতি দিয়ে কোপ শুরু করলে ফারুকের কোল থেকে সন্তান হৃদয় হোসেন মাটিতে পড়ে যায়। এসময় দৌড়ে ফারুক হোসেন পালাতে পারলেও ৫ বছর বয়সী মাহতাব হোসেন হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা আশঙ্কজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
এদিকে মাহতাব হোসেন হৃদয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
