বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটির সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের বাবর আজম। বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন পেশাওয়ার জালমি অধিনায়ক বাবর। এই ইনিংসের সুবাদে ৩৫৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ফিফটির সেঞ্চুরির নজির গড়েন তিনি।
বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই রেকর্ডের মালিক হন বাবর। এর আগে ফিফটির সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি এবং ইংল্যান্ডের জশ বাটলার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নার ৪৩৬ ম্যাচে ১১৬টি, কোহলি ৪১৯ ম্যাচে ১০৭টি ও বাটলার ৪৯৭ ম্যাচে একশোটি ফিফটি হাঁকিয়েছেন। গত রোববার চলমান আইপিএলের ১৯তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৭ বলে অনবদ্য ৬০ রান করে ক্যারিয়ারে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার।
পিএসএলের প্রথম ব্যাটার হিসেবে সদ্য ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। পিএসএলের ১৯তম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলার পথে ৪ হাজার রান পূর্ণ করেন তিনি। এখন পর্যন্ত পিএসএলে ১০৬ ম্যাচের ১০৪ ইনিংসে ২ শতক ও ৩৮টি হাফ-সেঞ্চুরিতে ৪০৯৩ রান করেছেন বাবর।

