চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১০

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৪০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের কামড়ে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সর্বশেষ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো চিকিৎসাধীন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ভিমরুলের বাসা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সেরাজুল ইসলাম পাওয়ার টিলারযোগে বাড়ি ফিরছিলেন। একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ অসংখ্য ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা ভিমরুলের কামড়ে আহত হয়েছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সেরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইত্তেফাক/এপি