সবার সঙ্গে কথা বলেই আলফাজকে বিদায় করা হয়

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৪২

মোহামেডানের ফুটবল কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছে মোহামেডান কর্তৃপক্ষ। ফুটবলে রেজাল্ট একটানা খারাপ হওয়ার পর মোহামেডানের নির্বাচিত কমিটি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

কোচের দায়িত্বে ছিলেন আলফাজ আহমেদ। তার ওপরই দায়ভার বর্তায়। মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমানের (স্পোর্টস) দাবি, তিনি দায়িত্ব গ্রহণের পর গভীরভাবে ফুটবল দলকে পর্যবেক্ষণ করেছেন। 'একটা ফুটবল দলের এতটা করুণ অবস্থা হতে পারে না। এখানে টেকনিক্যাল কমিটি ছিল। তারা কীভাবে বিষয়টি দেখেছেন আমি জানি না। আমার কাছে মনে হয়েছে খোঁজখবর নেওয়া হলে দলের অবস্থা এত খারাপ হতো না।' মোস্তাকুর রহমান বলেন, 'আমিই না, অনেকেই আবাহনীর বিপক্ষে ফুটবল ম্যাচ দেখেছেন। স্বাভাবিকভাবেই কোচের ভূমিকা নিয়ে কথা উঠবে।'

তিনি জানিয়েছেন, 'আমরা কোচ আলফাজের সঙ্গে কথা বলেছি। ম্যানেজার নকিবের সঙ্গে কথা বলেছি। দলের অধিনায়ক মেহেদীর সঙ্গে কথা বলেছি। এছাড়াও একাধিক ফুটবলারের সঙ্গে কথা বলেছি। তারা যেভাবে ব্যর্থতার কথা তুলে ধরেছেন, তাতে অভিযোগের আঙুলটা কোচ আলফাজের দিকেই যায়।'

মোস্তাকুরের কথার পরই মোহামেডনের একজন সদস্য ম্যানেজার নকিবের কথা তুলেছিলেন। টেকনিক্যাল কমিটির ভূমিকার কথাও তোলেন ঐ সদস্য। তারা সজাগ থাকলে একের পর এক ম্যাচের ব্যর্থতা এত দূর গড়াত না বলে মত দিয়েছেন।

মোস্তাকুর রহমান বলেন, 'আবাহনীর বিপক্ষে ১-০-তে এগিয়ে মোহামেডান কোচ কী করেছেন। তার দল আরও উজ্জীবিত হওয়ার কথা। সেখানে হয়েছিল তার উলটো। আলফাজ পাঁচ জন ডিফেন্স নামিয়েছিলেন।' তিনি বলেন, 'দিন শেষে কোচের ওপর দায় পড়বে সেটাই স্বাভাবিক।' আলফাজের সঙ্গে মোহামেডানের চুক্তি নিয়েও কথা বলেছেন মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান (স্পোর্টস)। 

তিনি বলেন, 'ক্লাব ও কোচের মধ্যে চুক্তি হওয়ার আনুষ্ঠানিক কাগজপত্র থাকবে। আলফাজকে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তার কোনো কাগজপত্র নেই। কোচ ও ক্লাবের মধ্যে শর্ত থাকবে। দুই পক্ষই যেটি মেনে চলতে বাধ্য থাকবে। সবকিছু ঘেঁটেঘুঁটে একটা কাগজ পাওয়া গেছে। সেটি রঙিন একটা প্যাড, কম্পিউটারে বানানো। এটা মোহামেডানের অরিজিনাল প্যাড নয়। যা-ই হোক, সেখানে লেখা রয়েছে টার্মিনেট করা যাবে। সবকিছু বিবেচনা করে সবার সঙ্গে কথা বলেই আলফাজকে টার্মিনেট করা হয়েছে।'

ইত্তেফাক/জেডএইচ