রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মী-সমর্থকদের ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসার সামনে সকালে ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত দেয়। রাশেদ প্রধানের বক্তব্যের একটি শব্দকে কেন্দ্র করে পরমতসহিষ্ণু রাজনীতির পরিবর্তে এ ধরনের ‘মব’ তৈরি নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষার পরিপন্থি বলেও তিনি উল্লেখ করেন।
গোলাম পরওয়ার বলেন, রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং রাশেদ প্রধানের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাজনৈতিক কোনো ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবেই হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন ও আইনের শাসনের পরিপন্থি এ ধরনের ‘মব’ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। জনগণকে ভীতসন্ত্রস্ত করে দুর্বৃত্তায়নের যে কোনো চেষ্টা দেশের মানুষ প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ‘মব’ চলাকালে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। এতে নাগরিকদের আইনের শাসন পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীর ওপর হামলা ও তাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি ও হাসপাতালে ‘মব’ সৃষ্টিসহ নানা অপকৌশলের অভিযোগ রয়েছে, যা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। বিএনপিকে তাদের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
