বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। এছাড়া দলে জায়গা পেয়েছেন নতুন চার মুখ।
বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নতুন চার মুখ হলেন- আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। এছাড়া প্রধান কোচের দায়িত্বে এসেছে নতুন মুখ। এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে করাচিতে প্রস্তুতি ক্যাম্প করবে পাকিস্তান। ২৭ এপ্রিল সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে।

স্কোয়াডের মধ্যে পাঁচ খেলোয়াড় আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে চলতি এনসিএ রেড বল ক্যাম্পে অংশ নিতে লাহোরে আছেন। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা পিএসএল খেলছেন, তারা তাদের দলের খেলা শেষে ক্যাম্পে যোগ দেবেন।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ গাজি ঘুড়ি (উইকেটরক্ষক), নোমন আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
