জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানি প্রবাহের পথ বন্ধ করে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি ও কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় আরিফুল ইসলাম নামের এক ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানি প্রবাহ বন্ধ করে অবাধে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। পাশাপাশি নদীর তীরবর্তী কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে।
এ কারণে কৃষকদের আবাদি জমি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করা হয়। কৃষকরা মাটি কাটা ও বালু উত্তোলনে বাধা দিলে তাদের লাঞ্ছিত করা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগও করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে কাউকে পাওয়া না যাওয়ায় একটি ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ করে নিয়ে আসা হয়েছে।

